Posts

Showing posts from August, 2026

স্বাধীনতা

Image
🇮🇳 স্বাধীনতা 🇮🇳 নিজেকে আলাদা করে তুলে দিতে ভ্রমের নগরে স্বার্থ আর বাসনার ঘরে... কেউ কেউ বিক্রি করে  স্বাধীনতা, স্বদেশ-সম্ভ্রম। রঙিন ফাটক দেখে  ভাবে যেন চকচকে তুষারের মারিচ-প্রাসাদ  অন্ধকার খাদ, ডুবে গেলে ওঠাও কঠিন। অনেক বাড়ানো হাত শোধ করে এ মাটির ঋণ। যারা বেড়ে উঠেছিল সাহসিনী মায়েদের কোলে মুছেছিল রক্ত হাত ছেড়ে যাওয়া শোকের আঁচলে.... ক্ষয় আর ক্ষয়, এ শুধু তাদের কথা নয়... গারদে ঢোকার আগে আমাদেরও কিছু থাকে দায় ঘুণ কে আপন ভেবে কাঠ যদি নিজেকে হারায়!! ✍️ প্রভাত ঘোষ।

আলাপচারিতা

Image
হয়তো বা কেউ লিখছে আমার যত্নে, অগোচরে কথার ওপর কথার পাহাড় বিষন্ন প্রান্তরে ভুল করেছে জীবন মরু উড়িয়ে দিয়ে বালি  কোন বাগানে ফুটবে গোলাপ তাও কি জানে মালী! ভীষণ গভীর চোখের ওপর আড়ষ্টতার কাঁচে  শব্দমালা সাজিয়ে রেখে বুকের ভেতর বাঁচে। হয়তো ক্ষণিক আলাপ সে কি ভুলিয়ে দেওয়া যায়! মনে'ই যখন মন জমেছে আলাপচারিতায় কয়েক ফোঁটা শিশির শাড়ির আঁচল ঘিরে বসে যেন কবির জন্ম হল স্মৃতির ঔরসে। একটা পাখির মিলতে চাওয়ার ডানায় শেকল বাঁধা  ঠোঁটের মায়ায় কাব্য লেখে বিরহী এক রাধা। নাবিক যদি বাঁধতো জাহাজ জোয়ার আসার ক্ষণে  আর একটা হাত বাড়িয়ে দিতো উষ্ণ আলিঙ্গনে... শিল্পী যদি আঁকত ঠোঁটে ঠোঁটের আল্পনা  একটা নতুন গল্প হতো ভালোবাসায় বোনা।। © প্রভাত ঘোষ 

সখ্যতা

Image
যেন একটা মেঘ পেয়েছে পাহাড়। সখ্যতা স্বীকার করা দায় ছিল যেন— বৈশিষ্ট্যে মিল নেই তাও  কেন জানি বাতাসের টানে কাছে এসে ধুয়ে যায় আড়ষ্ট দুপুর। প্রেমিকা নুপুর পরে আসে শুধু মন ভালো হলে। সততঃ রোমান্স আর আসে না জেনেও বার বার শিশিরের ফোঁটা হয়ে বসে পুড়ে যাওয়া ঘাসে। যেন এপ্রিলের মাঝে সিকিমের মেঘ হয়ে আসে। কী জানি কেন! সখ্যতা স্বীকার করা দায় ছিল যেন... ©প্রভাত ঘোষ