কুসুম কানন
আরও একটা গান আমি লিখব জীবনে। ডুবতে ডুবতে জীবনের সমস্ত হারিয়ে ফেলা নিশ্বাসের বিশ্বাসকে টেনে ধরার গান। অনন্তকালের সব কুয়াশার ডানা ছেঁটে ভালবাসার তীক্ষ্ণ আলোয় নিজেকে ফিরে পাবার গান। স্বপ্নহীন বাঁচতে চাইনি কখনোই, অন্ধকার মৃত্যুর ঢেউ এমন আছাড় মারে— জীবনের চোখ দিয়ে আঁকা যতো ক্যানভাসের রং সব পুড়ে যেতো হয়তো আগুনে। তখন'ই কবিতা থেকে উঠে আসে আর্তনাদী হাওয়া। সে হাওয়ার বুকে হাত রেখে সে'ই বলেছিল ভালোবাসি, সত্যি ভালোবাসি। আঘাতে আঘাতে মৃতপ্রায় এক উন্মাদের ছিন্নভিন্ন ঘর আগলে ধরে বলেছিল— এ জীবনে আরও একবার বিশ্বাসের হাত ধরে ফিরে এসো সুবিশাল মুক্ত ধরাতলে, এখন'ই জন্ম নেওয়া বনটিয়া সোনাঝুরি ডালে... তার সুরে সুরে— আধভাঙা মনে... ভালোবাসা মুক্তি পাক বসন্তের কুসুম কাননে।
©প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..